ভোট ছাড়া সরকার গঠনকেই উন্নয়নের গণতন্ত্র বলা হয়েছিল: জ্বালানি মন্ত্রী

ভোট ছাড়া সরকার গঠনকেই উন্নয়নের গণতন্ত্র বলা হয়েছিল: জ্বালানি মন্ত্রী সোলার কর্মসূচির উদ্বোধন করেছে জ্বালানি মন্ত্রী

গত ১৭ বছর ‘উন্নয়নের গণতন্ত্র’ বলে ভোট ছাড়াই সরকার গঠনকে বোঝানো হয়েছে। এই স্লোগান সামনে রেখে বাংলাদেশ শাসন করা হলেও দায়িত্ব গ্রহণের পর বাস্তব কোনো উন্নয়ন দেখা যায়নি বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে ময়মনসিংহের ভালুকা উপজেলা কমপ্লেক্সের হলরুমে ‘ডোমেস্টিক রুফটপ সোলার (ডিআরএস)’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় বিগত সরকারের উন্নয়ন কার্যক্রমের সমালোচনা করেন মন্ত্রী।

ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) এবং বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেড (বিআইএফএফএল) যৌথভাবে কর্মসূচিটি বাস্তবায়ন করছে।

অনুষ্ঠানে বিদ্যুৎমন্ত্রী বলেন, ডোমেস্টিক রুফটপ সোলার কর্মসূচি চালুর ফলে বিদ্যুৎ সাশ্রয়ের পাশাপাশি সবুজ, পরিচ্ছন্ন ও জ্বালানি-নিরাপদ বাংলাদেশ গড়ার উদ্যোগ আরও এগিয়ে যাবে।

বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘বিদ্যুৎ ও জ্বালানি বিভাগে উন্নয়নের আতুড়ঘর তৈরি হয়েছিল। শেখ হাসিনা সরকার শতভাগ বিদ্যুতায়নের ঘোষণা দিয়েছিল। কিন্তু আমরা বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর দেখতে পেলাম ভালুকায় গ্যাসের লাইনসহ বিভিন্ন লাইন ঠিক নেই। উন্নয়নের গণতন্ত্র বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলেছিলাম।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহ্‌রুখ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১১ আসনের সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু।

অনুষ্ঠানের শুরুতে ইডকলের ব্যবস্থাপনা পরিচালক এস এম মনিরুল ইসলাম স্বাগত বক্তব্য দেন। পরে কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন প্রতিষ্ঠানটির নবায়নযোগ্য জ্বালানি বিভাগের প্রধান এনামুল করিম পাভেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *