কোনও তদন্ত বা প্রমাণ ছাড়াই ট্রেনে অগ্নিসংযোগের ঘটনায় জামায়াতে ইসলামীকে জড়িয়ে বিএনপি মহাসচিবের দেওয়া বক্তব্যকে ‘ভিত্তিহীন, অনৈতিক ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে রিজভীর এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানান।
বিবৃতিতে জুবায়ের বলেন, “কোনও ধরনের তদন্ত, নির্ভরযোগ্য প্রমাণ কিংবা সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পৃক্ততা প্রমাণিত হওয়ার আগেই এমন একটি অপরাধের দায় চাপিয়ে দেওয়া সম্পূর্ণ দায়িত্বজ্ঞানহীন ও দুরভিসন্ধিমূলক।”
তিনি আরও বলেন, যেখানে বিএনপির মহাসচিব নিজেই বাসে অগ্নিসংযোগ ও নৈরাজ্যের সঙ্গে কারা জড়িত তা নিয়ে উত্তর দাবি করেছেন, সেখানে একই নীতিতে ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনারও নিরপেক্ষ তদন্তের দাবি তোলা তাদের উচিত ছিল।
জামায়াতের এই নেতা স্পষ্ট করেন যে, জামায়াতে ইসলামী সন্ত্রাস, অগ্নিসংযোগ ও ধ্বংসাত্মক রাজনীতিতে বিশ্বাস করে না। অপরাধী যে-ই হোক না কেন, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তাকে আইনের আওতায় আনার জোর দাবি জানান তিনি।
রাজশাহী রেলওয়ে স্টেশনে ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে জামায়াত আমিরকে উদ্দেশ্য করে রিজভীর দেওয়া ‘লং মার্চ’ আহ্বানের সমালোচনা করে জুবায়ের বলেন, “ভাঙচুরের ঘটনায় লংমার্চ করতে বলা মূল ঘটনার তদন্তের বিকল্প হতে পারে না। কে বা কারা ওই ঘটনায় জড়িত এবং তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে—তা সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জাতির সামনে স্পষ্ট করা প্রয়োজন।”

