ঢাকাMonday , 27 July 2026
  1. অর্থনীতি
  2. গণমাধ্যম
  3. জাতীয়
  4. দেশ
  5. বিদেশ
  6. রাজনীতি
  7. শিক্ষা
আজকের সর্বশেষ খবর

আমাদের এই লড়াই বিএনপির বিরুদ্ধে নয়: সারজিস আলম

বার্তা কক্ষ
July 27, 2026 1:40 pm
Link Copied!

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘আমাদের এই লড়াই বিএনপির বিরুদ্ধে নয়। এই লড়াই চাঁদাবাজ, সন্ত্রাসী ও অপকর্মের বিরুদ্ধে।’ এ সময় ময়মনসিংহ-১১ আসনের সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চুকে নিয়েও মন্তব্য করেছেন এনসিপি’র এই নেতা।

রোববার (২৫ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে ময়মনসিংহের ভালুকা স্মৃতিসৌধ চত্বরে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ উপলক্ষে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, ‘বিএনপি করেন, কোনো সমস্যা নেই। জামায়াত করেন, এনসিপি করেন—সমস্যা নেই। কিন্তু যদি জুলুম, অন্যায়, চাঁদাবাজি ও দখলদারত্ব শুরু হয়, তাহলে তার বিরুদ্ধে সবাইকে কথা বলতে হবে।’

তিনি বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি অফিস ও হাসপাতাল ধ্বংস হলে এর ক্ষতি কোনো নির্দিষ্ট দলের মানুষের হবে না; ক্ষতি হবে সাধারণ মানুষের। লুটপাট ও দুর্নীতির কারণে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো দুর্বল হলে এর ভুক্তভোগী হবেন সব দলের মানুষ।’

সারজিস আলম আরও বলেন, ‘কেউ অন্যায় করলে শুধু দলীয় পরিচয়ের কারণে তার প্রতিবাদ না করা উচিত নয়। অন্যায়ের বিরুদ্ধে কথা বলা সবার দায়িত্ব। আমরা চাই, রাজনীতিতে ব্যক্তি ও দলীয় চাটুকারিতার পরিবর্তে যোগ্য ও সৎ নেতৃত্ব প্রতিষ্ঠিত হোক।’

বক্তব্যের শুরুতেই ময়মনসিংহ-১১ আসনের সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চুকে নিয়েও মন্তব্য তিনি বলেন, ফখরউদ্দিন আহমেদের বিরুদ্ধে শিক্ষাপ্রতিষ্ঠান দখলের চেষ্টা, চাঁদাবাজি, প্রতিপক্ষের বিরুদ্ধে হামলা-মামলা এবং ব্যবসা নিয়ন্ত্রণের অভিযোগ রয়েছে বলে দাবি করেন তিনি।

সারজিস আলম আরও বলেন, ওই নেতাকে একসময় বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছিল এবং তার বিরুদ্ধে বিএনপির একজন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এমরান সালে প্রিন্স মামলা করেছিলেন। ছাত্রদল, যুবদল ও বিএনপির যেসব নেতাকর্মী ওই নেতার কথামতো চলেন না, তাদের ওপর হামলা এবং রাজনৈতিক কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগও তোলেন সারজিস। তিনি বলেন, কিন্তু এই তারেক রহমানই তো আবার এই ধরনের লোকদেরকে মনোনয়ন দিয়েছে। তারা বহিষ্কারের নাটক করে আর মনোনয়ন দিয়ে সংসদে নেন।

এ সময় তিনি ভালুকার রাজনীতিতে পরিবর্তনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে বলেন, ‘রাজনীতির পরিবর্তন না হলে এলাকারও পরিবর্তন সম্ভব নয়। ভোট দেওয়ার সময় দলীয় পরিচয়ের পাশাপাশি প্রার্থীর যোগ্যতা, সততা ও অতীত কর্মকাণ্ড বিবেচনা করতে হবে।’

বিএনপির বর্তমান নেতৃত্ব ও কয়েকজন নেতার সমালোচনা করে সারজিস আলম বলেন, ‘যারা অন্যায়-অপকর্মের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে দলীয় অবস্থান স্পষ্ট হওয়া দরকার। বহিষ্কার ও পুনর্বহালের নাটক করে জনগণের আস্থা অর্জন করা সম্ভব নয়।’

তিনি আরও বলেন, ‘আগামী বাংলাদেশে রাজনীতি হবে মানুষের অধিকার, জবাবদিহি ও ন্যায়বিচারের ভিত্তিতে। কোনো দলের পরিচয় অন্যায়-অপকর্মের দায়মুক্তি দিতে পারে না।’

পথসভায় সারজিস আলম বিএনপিসহ সব রাজনৈতিক দলের নেতাকর্মীদের অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘যেদিন মানুষ অন্যায়ের বিরুদ্ধে কথা বলা বন্ধ করে দেবে, সেদিনই স্বৈরাচার ও দখলদারত্ব শক্তিশালী হবে।’

পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির যুগ্ম আহ্বায়ক আতিক মুজাহিদ (এমপি), কেন্দ্রীয় সদস্য ডা. জাহেদুল ইসলাম, ময়মনসিংহ জেলার আহ্বায়ক এটিএম মাহবুব উল আলম, সদস্য সচিব মো. জসিম উদ্দিন, ভালুকা উপজেলার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন, এনসিপি মনোনীত ভালুকা উপজেলা চেয়ারম্যান প্রার্থী মো. নুরুল ইসলাম প্রমুখ।