পূজামণ্ডপে দায়িত্ব পালনের উদ্দেশ্যে রওয়ানা হওয়ার পূর্বে তালতলী উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত আনসার ও ভিডিপি কার্যালয়ের সামনে এক দিকনির্দেশনামূলক বিশেষ ব্রিফিং অনুষ্ঠিত হয়।
উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এই প্রাক-বিদায়ী ব্রিফিং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপুর্ণ দিকনির্দেশনা প্রদান করেন তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতীত সরকার।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ আমিনুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক ও প্রশিক্ষিকা এবং উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আনসার ও ভিডিপি সদস্য-বৃন্দ।
ব্রিফিং অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতীত সরকার বলেন, “শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসবকে ঘিরে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং মণ্ডপের নিরাপত্তা ও সার্বিক আইন-শৃঙ্খলা বজায় রাখতে আনসার ও ভিডিপি সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে।” তিনি যেকোনো জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসন ও পুলিশকে অবহিত করার নির্দেশনা দেন।
উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ আমিনুল হক দায়িত্বপ্রাপ্ত সদস্যদের উদ্দেশ্যে বলেন, “পূজা শেষ না হওয়া পর্যন্ত দায়িত্বপ্রাপ্ত ১১টি মণ্ডপেই আনসার ও ভিডিপি সদস্যরা নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করবেন। দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, সার্বিক শৃঙ্খলা বজায় রাখা এবং সামাজিক সম্প্রীতি রক্ষায় আপনাদের ভূমিকা অতীব গুরুত্বপূর্ণ।”
সংক্ষিপ্ত ব্রিফিং ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান শেষে আনসার ও ভিডিপি সদস্যদের নিজ নিজ নির্ধারিত পূজা মণ্ডপের উদ্দেশ্যে বিদায় জানানো হয়।

