ঢাকাসোমবার , ১২ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. গণমাধ্যম
  3. জাতীয়
  4. দেশ
  5. বিদেশ
  6. রাজনীতি
  7. শিক্ষা

ভালুকায় ভুয়া ডাক্তারকে জেল-জরিমানা, হোমিও হল সিলগালা

ময়মনসিংহ প্রতিনিধি
অক্টোবর ১২, ২০২৬ ৬:৫৬ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহের ভালুকায় অবৈধভাবে নরমাল ডেলিভারি ও আল্ট্রাসনোগ্রাম সহ নানা ধরনের জটিল কঠিন রোগে পরীক্ষা-নিরীক্ষা করানো এবং ভুয়া ডাক্তার পরিচয়ে প্রতারণার দায়ে রেহেনা সিদ্দীকা নামে এক নারীকে ৪ দিনের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে ‘জনসেবা হোমিও হল’ নামের তার একটি প্রতিষ্ঠান স্থায়ীভাবে সিলগালা করা হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের সিডস্টোর বাজার এলাকায় অবস্থিত ‘জনসেবা হোমিও হল’ নামে ওই প্রতিষ্ঠানে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ইকবাল হোসাইন। এ সময় চিকিৎসা সেবা বা ডায়াগনস্টিক পরিচালনার কোনো ধরনের বৈধ কাগজপত্র দেখাতে না পারায় প্রতিষ্ঠানটির পরিচালক ও নিজেকে কথিত ‘মা ও শিশু রোগ বিশেষজ্ঞ’ দাবি করা ডাঃ রেহেনা সিদ্দীকাকে ওই দন্ড প্রদান করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বাংলাদেশ বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা আইন অমান্য করে সম্পূর্ণ অবৈধভাবে দীর্ঘদিন ধরে রোগী দেখা, আল্ট্রাসনোগ্রাম করা সহ নানা ধরনের জটিল কঠিন রোগের পরীক্ষা-নিরীক্ষা ও নরমাল ডেলিভারি করে আসছিল জনসেবা হোমিও হলের পরিচালক কথিত ‘মা ও শিশু রোগ বিশেষজ্ঞ’ দাবি করা ডাঃ রেহেনা সিদ্দীকা। দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ নজরুল ইসলাম, উপজেলা সেনিটারি ইন্সপেক্টর মোঃ সামছুলল ইসলাম রমিজ ও ভালুকা মডেল থানা পুলিশের সহযোগিতায় ওই প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইকবাল হোসাই।

অভিযানে অপরাধের সত্যতা পাওয়ায়, ‘জনসেবা হোমিও হল’টি স্থায়ীভাবে সিলগালা করার নির্দেশ দেন। একই সাথে এর মালিক কথিত চিকিৎসক রেহেনা সিদ্দীকাকে ৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানার আদেশ দেন।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ইকবাল হোসাইন জানান, কথিত চিকিৎসক রেহেনা সিদ্দীকাকে ৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে একই সাথে ‘জনসেবা হোমিও হল’ নামের তার একটি প্রতিষ্ঠান স্থায়ীভাবে সিলগালা করা হয়েছে। ভবিষ্যতেও উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।