আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহের ভালুকা উপজেলার ৩নং ভরাডোবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল ইসলাম (শফিক)। তিনি বর্তমানে ভালুকা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে দীর্ঘদিনের সম্পৃক্ততার পাশাপাশি স্থানীয় মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও মতবিনিময়ের মাধ্যমে ইতোমধ্যে নিজের প্রার্থিতার বিষয়টি জানান দিচ্ছেন অ্যাডভোকেট শফিক। সম্প্রতি ভরাডোবা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ার পর বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও সুন্দর শিক্ষার পরিবেশ নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, “ভরাডোবা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে আমরা আন্তরিকভাবে কাজ করব। শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর, নিরাপদ ও আধুনিক শিক্ষার পরিবেশ তৈরি করাই আমাদের লক্ষ্য।”
উন্নয়ন ও জনসেবাকে গুরুত্ব দেওয়ার প্রত্যয় চেয়ারম্যান নির্বাচিত হলে ভরাডোবা ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও নাগরিক সেবাকে আরও গতিশীল করার পরিকল্পনার কথা জানিয়েছেন অ্যাডভোকেট শফিক। তিনি বলেন, “জনগণের ভোটে নির্বাচিত হলে ইউনিয়নের গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন, রাস্তা সংস্কার, খাল খনন, ধর্মীয় প্রতিষ্ঠানসহ বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়ন এবং নাগরিকদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে কাজ করব।” গ্রাম্য আদালতের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার পাশাপাশি সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দেওয়ার ওপরও গুরুত্ব দেওয়ার কথা জানান তিনি। এছাড়া মশার উপদ্রব কমাতে কার্যকর ব্যবস্থা গ্রহণ, পরিবেশবান্ধব শিল্প স্থাপনে উদ্যোগ, শিল্পকারখানার বিষাক্ত বর্জ্য যথাযথভাবে নিষ্কাশনের ব্যবস্থা, শ্রমিকদের নিরাপদ ও অবাধ চলাচলের পরিবেশ নিশ্চিত এবং ইউনিয়নকে মাদকমুক্ত করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা বলেন তিনি।
অ্যাডভোকেট শফিক আরও বলেন, “আমি মানুষের পাশে থেকে কাজ করতে চাই। ভরাডোবা ইউনিয়নের প্রতিটি মানুষের ন্যায্য অধিকার ও নাগরিক সুবিধা নিশ্চিত করাই আমার লক্ষ্য। আপনারা আমার জন্য দোয়া করবেন, যেন চেয়ারম্যান নির্বাচিত হয়ে মানুষের কল্যাণে কাজ করার সুযোগ পাই। ইনশাআল্লাহ, সকলের সহযোগিতা ও ভালোবাসা নিয়ে ভরাডোবা ইউনিয়নের উন্নয়নে কাজ করতে চাই।”

