ঢাকাSaturday , 13 September 2025
  1. অর্থনীতি
  2. গণমাধ্যম
  3. জাতীয়
  4. দেশ
  5. বিদেশ
  6. রাজনীতি
  7. শিক্ষা

চার সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

Link Copied!

ময়মনসিংহের ভালুকায় বন বিভাগের দুর্নীতি সংবাদ প্রকাশ করায় চার সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা গায়েবি ও প্রতিহিংসামূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় স্থানীয় কর্মরত সাংবাদিকদের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।
জানা যায়, গত অক্টোবর মাসে ‘বনায়ন ছাড়াই অর্থ লোপাট’ শিরোনামে তৎকালীন কাদিগড় বিট অফিসার আনোয়ার হোসেন ও ভালুকা রেঞ্জ অফিসের ভারপ্রাপ্ত রেঞ্জ অফিসার হারুন অর রশীদ খানের বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সংবাদ প্রকাশ হয়। প্রকাশিত সংবাদ যাচাই করে বন বিভাগ গত ১৩ আগস্ট হবিরবাড়ি বিট অফিসার আনোয়ার হোসেনকে সাময়িকভাবে বরখাস্ত করে।
তবে বরখাস্তের পর পেছনের তারিখে (১ থেকে ১১ আগস্ট) আনোয়ার হোসেন ও হারুন অর রশীদ প্রতিহিংসা ও হয়রানির উদ্দেশ্যে ভালুকায় কর্মরত চার সাংবাদিক—দৈনিক যুগান্তরের জহিরুল ইসলাম জুয়েল, নয়া দিগন্তের আসাদুজ্জামান ফজলু, মানবকণ্ঠের শফিকুল ইসলাম সবুজ এবং গ্লোবাল টিভির শাহিদুজ্জামান সবুজের বিরুদ্ধে ছয়টি মামলা দায়ের করেন।
মিথ্যা মামলার প্রতিবাদে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন ইনকিলাবের সাংবাদিক কামরুল হাসান কামাল এবং সঞ্চালনা করেন দৈনিক যুগান্তরের জহিরুল ইসলাম জুয়েল।
এসময় বক্তব্য দেন মোহনা টিভির এসএম শাহজাহান সেলিম, সময়ের আলোর ফিরোজ খান, কালের কণ্ঠের মোখলেছুর রহমান মনির, সংবাদের আতাউর রহমান তরফদার, এনটিভির আলমগীর হোসেন, বাংলাদেশ বুলেটিনের মো. আক্কাছ আলী, ভোরের ডাকের শাহ আকরাম হোসেন, সকালের সময়ের এমএ সবুর, আরটিভির আল আমীন, মাইটিভির মর্জিনা খাতুন মনি, এশিয়ান টিভির লিমা আক্তার, দৈনিক সবুজ বাংলার সাদেকুর রহমান সোহাগ, দৈনিক ভোরের আকাশের হাবিবুর রহমান তরফদারসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
বক্তারা অভিযোগ করেন, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকদের বিরুদ্ধে প্রতিহিংসামূলক মামলা দায়ের করা হয়েছে। সঠিক তথ্য–প্রমাণের ভিত্তিতে সংবাদ তৈরি করা হলেও দুর্নীতিবাজরা গণমাধ্যমের কণ্ঠরোধের অপচেষ্টা করছে।
তারা অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারের পাশাপাশি ভালুকা রেঞ্জের দুর্নীতিগ্রস্ত বন কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।