ঢাকাThursday , 12 March 2026
  1. অর্থনীতি
  2. গণমাধ্যম
  3. জাতীয়
  4. দেশ
  5. বিদেশ
  6. রাজনীতি
  7. শিক্ষা
আজকের সর্বশেষ খবর

ভালুকায় ইফতারি খেয়ে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ

বার্তা কক্ষ
March 12, 2026 7:39 pm
Link Copied!

ময়মনসিংহের ভালুকায় একটি কারখানায় ইফতারের বিরিয়ানি খেয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন প্রায় ৪০ থেকে ৫০ জন শ্রমিক। তাদের মধ্যে কয়েকজন গুরুতর অসুস্থ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) ইফতারের সময় ভালুকার গ্লোবাল সুজ লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে। অসুস্থ শ্রমিকদের দ্রুত ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

শ্রমিক সূত্রে জানা যায়, কারখানাটিতে প্রায় প্রায় ১২শত শ্রমিক কর্মরত আছেন। রমজান মাসে প্রতিদিনই শ্রমিকদের জন্য কারখানার পক্ষ থেকে ইফতারের ব্যবস্থা করা হয়। বৃহস্পতিবার ইফতারের জন্য উপজেলার সিডস্টোর বাজারের খান হোটেল এন্ড রেস্টুরেন্টে থেকে বিরিয়ানি সরবরাহ করা হয়।

কারখানার সুইং সেকশনে কর্মরত শ্রমিক ফাহাদ মিয়া জানান, ইফতার করার ৫ থেকে ১০ মিনিটের মধ্যেই কয়েকজন শ্রমিক হঠাৎ বমি করতে শুরু করেন এবং একে একে অনেকে অসুস্থ হয়ে পড়েন।

সুইং সেকশনের ইনচার্জ আমিনুল ইসলাম বলেন, কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের জন্য ইফতারের ব্যবস্থা করে থাকে। বৃহস্পতিবার ইফতারে বিরিয়ানি দেওয়া হয়। বিরিয়ানি খাওয়ার পর প্রায় ৫০ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের দ্রুত ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে পাঠানো হয়েছে।

ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: মেহেদী হাসান জানান, বিরিয়ানি খাওয়ার পর অজ্ঞাত বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে অর্ধশতাধিক শ্রমিক হাসপাতালে আসেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে খান হোটেল এন্ড রেস্টুরেন্টে মালিক নুরুল ইসলাম খানকে একাধিক বার ফোন দিলেও রিসিভ করেননি, তাই বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ জাহিদুল ইসলাম জানান, এ ঘটনায় এপর্যন্ত সাতাশ জন অসুস্থ হওয়ার সংবাদ পেয়েছেন তবে এখানো কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি, অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।