ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে সাউথ এশিয়া ট্রেড ফেয়ার-২০২৫। আগামী ১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হবে। উদ্বোধন করবেন সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
মেলায় প্রদর্শিত হবে তৈরি পোশাক ও বস্ত্র, গহনা ও জেমস পণ্য, কসমেটিকস, চামড়াজাত দ্রব্য, হোম অ্যাপ্লায়েন্স, কিচেনওয়্যার, প্রক্রিয়াজাত খাবার, ইলেকট্রনিক্সসহ নানাবিধ সামগ্রী। এই বাণিজ্য মেলার আয়োজন করছে সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এসসিসিআই) এবং এফবিসিসিআই যৌথভাবে। আয়োজক সূত্রে জানা গেছে, উদ্বোধনী অনুষ্ঠানে সার্ক সেক্রেটারিয়েটের প্রতিনিধি ছাড়াও বিভিন্ন দেশের ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ থেকে শতাধিক প্রতিষ্ঠান এবার অংশ নিচ্ছে মেলায়। প্রদর্শনীর পাশাপাশি থাকছে বিজনেস নেটওয়ার্কিং, বিটুবি সেশন, থিমভিত্তিক আলোচনা ও সেমিনার। মেলা চলবে ২১ সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত এটি সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

