রাশিয়ার পশ্চিমাঞ্চলে অল্প কয়েক ঘণ্টার ব্যবধানে তিনটি পৃথক রেল দুর্ঘটনা ও বিস্ফোরণ ঘটেছে। এতে চারজনের প্রাণহানি ঘটেছে বলে স্থানীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
রোববার ভোরে লেনিনগ্রাদ অঞ্চলের গাতচিনা এলাকায় একটি ডিজেলচালিত লোকোমোটিভ লাইনচ্যুত হয়। এ ঘটনায় চালক কেবিনে আটকা পড়েন এবং গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করা হলেও পরে মারা যান। ঘটনাস্থল থেকে প্রচারিত একটি ভিডিওতে দেখা গেছে, দুর্ঘটনার পর একটি বগি লাইন থেকে ছিটকে পাশের জমিতে পড়ে আছে।
এর আগে শনিবার রাতে অরিয়ল অঞ্চলে রেললাইনের একটি অংশে বিস্ফোরণ ঘটে। এতে তিনজনের মৃত্যু হয়। একই সময়ে দক্ষিণাঞ্চলে খালি তেলবাহী একটি মালগাড়ির ১৫টি বগি লাইনচ্যুত হয়। তবে সেখানে হতাহতের ঘটনা ঘটেনি।
প্রাথমিকভাবে এসব ঘটনার পেছনে নাশকতার আশঙ্কা করা হচ্ছে। রাশিয়ার দাবি, ইউক্রেনীয় হামলার কারণেই তাদের রেল যোগাযোগ বারবার বিঘ্নিত হচ্ছে। যদিও কিয়েভ এ ধরনের অভিযোগ সরাসরি অস্বীকার করে থাকে, তবে রাশিয়ার রেলপথে সামরিক ও জ্বালানি সরবরাহ ব্যাহত হলে তা নিয়ে সন্তোষ প্রকাশ করে থাকে।

