ঢাকাSunday , 14 September 2025
  1. অর্থনীতি
  2. গণমাধ্যম
  3. জাতীয়
  4. দেশ
  5. বিদেশ
  6. রাজনীতি
  7. শিক্ষা
আজকের সর্বশেষ খবর

অবিশ্বাস্য: চাঁদপুরে মৃত ভেবে কবরস্থানে ফেলা নবজাতক আজানের আওয়াজে নড়ে ওঠে

অনলাইন ডেস্ক
September 14, 2025 3:08 pm
Link Copied!

চাঁদপুরে ঘটেছে এক হৃদয়বিদারক অথচ অলৌকিক ঘটনা। জীবিত নবজাতককে মৃত ভেবে দাফনের জন্য কবরস্থানে ফেলে রেখে পালিয়ে যায় স্বজনরা। কিন্তু আজান শোনার সঙ্গে সঙ্গেই নড়ে ওঠে নবজাতকটি।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে শহরের পৌর কবরস্থানে এ ঘটনা ঘটে। স্থানীয়রা শিশুটিকে জীবিত অবস্থায় উদ্ধার করে দ্রুত শহরের ফেমাস স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারের এনআইসিইউতে ভর্তি করেন।

পৌর কবরস্থানের কবর খোদক শাহজাহান জানান, দুপুরে ৩০ থেকে ৩৫ বছর বয়সী এক যুবক কার্টনে নবজাতকটি এনে দিয়ে যায়। সে দাবি করে শিশুটি মৃত এবং দ্রুত দাফন করার জন্য বলেন। কিন্তু দাফনের প্রস্তুতির সময় আজান দেওয়ামাত্র শিশুটি প্রাণের সাড়া দেয়।

খবর পেয়ে স্থানীয় গণমাধ্যমকর্মীরা শিশুটিকে হাসপাতালে নিয়ে গেলে কর্তৃপক্ষ এনআইসিইউতে ভর্তি করে। হাসপাতালের এইচআর এডমিন কামরুল ইসলাম জুগলু জানান, “শিশুটি জীবিত অবস্থায় আনা হয়। আমরা তাৎক্ষণিকভাবে তাকে এনআইসিইউতে ভর্তি করে চিকিৎসা শুরু করেছি। বর্তমানে হাসপাতাল মালিক সমিতির সাধারণ সম্পাদক জিএম শাহিন নবজাতকের দায়িত্ব নিয়েছেন।”
হাসপাতালের এনআইসিইউ বিভাগের সিনিয়র মেডিকেল অফিসার ডা. ছোটন মিয়াজী বলেন, “শিশুটির ওজন মাত্র ৮০০ গ্রাম এবং আজই তার জন্ম হয়েছে। জন্মের পর অক্সিজেনের মাত্রা খুবই কম ছিল। এখন আমরা সর্বোচ্চ চিকিৎসা দিয়ে যাচ্ছি।”

এদিকে স্থানীয়দের দাবি, কবরস্থানের সিসি ক্যামেরা ও আশপাশের হোটেলের ফুটেজ পর্যালোচনা করলে নবজাতককে ফেলে যাওয়া ব্যক্তিদের সহজেই চিহ্নিত করা সম্ভব। সচেতন মহল বলছে, এ ধরনের অমানবিক ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের দ্রুত আইনের আওতায় আনা উচিত।