‘গ্রিন অ্যান্ড ক্লিন ভালুকা’ গড়ার সুদূরপ্রসারী প্রত্যয় নিয়ে ময়মনসিংহের ভালুকায় ১ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রবিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক আলোচনা সভায় এই বিশাল কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ।
‘ভালুকার সামগ্রিক উন্নয়নে করণীয়’ শীর্ষক এই আলোচনা সভায় প্রধান অতিথি মোখতার আহমেদ ভালুকাকে দরিদ্র মুক্ত, সমৃদ্ধ ও কৃষি বান্ধব এলাকা হিসেবে বিনির্মাণ করার জন্য সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ জেলা প্রশাসক মুহিদুল আলম, ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান আবদুল্লাহ আল মাহমুদ, সহকারী কমিশনার ভূমি ইকবাল হোসাইন, পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব হাতেম খান, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সালাহ উদ্দিন আহমেদ, মজিবুর রহমান মজু, রুহুল আমিন মাসুদ, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সদস্য মুস্তাফিজুর রহমান মামুন, বাংলাদেশ জামায়েত ইসলামি ভালুকা শাখার আমির সাইফ উল্যাহ পাঠান ফজলু সহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা এই পরিবেশবান্ধব উদ্যোগের অংশীদার হতে সভায় উপস্থিত ছিলেন।

