ঢাকাThursday , 9 October 2025
  1. অর্থনীতি
  2. গণমাধ্যম
  3. জাতীয়
  4. দেশ
  5. বিদেশ
  6. রাজনীতি
  7. শিক্ষা
আজকের সর্বশেষ খবর

ভালুকায় টানা দুই ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

Link Copied!

ময়মনসিংহের ভালুকায় বকেয়া বেতনের দাবিতে মুলতাজিম স্পিনিং মিলের শ্রমিকরা টানা দুই ঘণ্টার অধিক সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুর ২টার দিকে ভরাডোবা নতুন বাসস্ট্যান্ড এলাকায় তারা মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। অবশেষে বিকেল ৪টা ২০ মিনিটে শ্রমিকরা অবরোধ তুলে নিলে যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হয়।

শ্রমিকদের অভিযোগ, সেপ্টেম্বর মাসের বেতন ১০ অক্টোবর দেওয়ার কথা ছিল। তবে শুক্রবার সরকারি ছুটি থাকায় ব্যাংক বন্ধ থাকবে এই কারণে ১২ অক্টোবর বেতন পরিশোধ করা হবে বলে কর্তৃপক্ষ জানায়। এতে ক্ষুব্ধ হয়ে শ্রমিকরা সড়কে নেমে প্রতিবাদ শুরু করেন। প্রায় ৪ হাজার ৫০০ শ্রমিক কাজ করেন ওই কারখানায়। হঠাৎ এ আন্দোলনের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা ও স্থানীয় মানুষজন।
পরে খবর পেয়ে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫, ভালুকা থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করেন। এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫ এর এসপি মো. ফরহাদ হোসেন খান বলেন, “শ্রমিকদের বেতন ১০ তারিখে দেওয়ার কথা ছিল। শুক্রবার ছুটির কারণে কোম্পানি রবিবারে বেতন দেওয়ার ঘোষণা দিলে শ্রমিকরা অসন্তোষ প্রকাশ করে সড়ক অবরোধ করেন। পরে কোম্পানি আজই বেতন দেওয়ার আশ্বাস দিলে তারা অবরোধ প্রত্যাহার করেন।”