ময়মনসিংহের ভালুকায় আন্তঃজেলা চোর চক্রের সদস্য ও ২০ মামলার আসামি মোঃ মাজাহারুল ইসলাম (৩৮)কে চুরি হওয়া গরুসহ গ্রেফতার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। মাজাহারুলকে তার নিজ বাড়ি উপজেলার নিঝুরী গ্রাম থেকে অভিযান চালিয়ে গ্রেফতার করে সোমবার (২৭ অক্টোবর) বিকেলে আদালতে সোপর্দ করা হয়।
গ্রেফতারকৃত মাজাহারুল ইসলাম ভালুকা উপজেলার মেদুয়ারী ইউনিয়নের নিঝুরী গ্রামের আশরাফুল ইসলামের ছেলে।
ভালুকা মডেল থানা সূত্রে জানা গেছে, গত ১৬ অক্টোবর উপজেলার ভরাডোবা এলাকার জসিম উদ্দিনের ছয়টি গরু চুরি হয়। এ ঘটনায় জসিম উদ্দিন বাদী হয়ে থানায় একটি চুরির মামলা দায়ের করেন। মামলার পর তদন্ত শুরু করেন মডেল থানার পুলিশ, এদিকে গতকাল গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে ইনস্পেক্টর (তদন্ত) আব্দুল মালিকের নেতৃত্বে এসআই আবু তাহের, গোবিন্দ দাস ও এএসআই শাহ আলম তালুকদারসহ একদল পুলিশ সদস্য অভিযান পরিচালনা করে নিঝুরী গ্রামের মাজাহারুল ইসলামের বাড়ি থেকে চুরি হওয়া একটি গরু উদ্ধার করেন এবং তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ভালুকা মডেল থানার ইনস্পেক্টর (তদন্ত) আব্দুল মালিক জানান, “গ্রেফতারকৃত মাজাহারুল আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় সদস্য এবং তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ২০টি মামলা রয়েছে। মডেল থানার পুলিশের অভিযানে চুরি হওয়া ১টি গরু উদ্ধার হয়েছে বাকি গরুগুলো উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত আছে।”

