ঢাকাThursday , 25 June 2026
  1. অর্থনীতি
  2. গণমাধ্যম
  3. জাতীয়
  4. দেশ
  5. বিদেশ
  6. রাজনীতি
  7. শিক্ষা
আজকের সর্বশেষ খবর

ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিতে মরিয়া এমপি গ্রুপ, পুলিশ মোতায়েন

Link Copied!

ময়মনসিংহের ভালুকায় এসকিউ কারখানার ঝুট (ওয়েস্টেজ) ব্যবসার নিয়ন্ত্রণ নেয়াকে কেন্দ্র করে উপজেলা বিএনপি’র দুই গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এরই জের ধরে প্রতিপক্ষকে ভয়ভীতি দেখিয়ে নিজেদের অবস্থান জানান দিতে দেশীয় লাঠিসোঠাসহ দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেয়ারও অভিযোগ উঠেছে ময়মনসিংহ-১১ (ভালুকা) সংসদ সদস্য ফখরুদ্দিন আহমেদ বাচ্চু গ্রুপের বিরুদ্ধে। উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের মাস্টারবাড়ি এলাকায় গতকাল বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে ওই মহড়ার ঘটনাটি ঘটে। এ ঘটনায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, কারখানার ঝুট সংগ্রহ ও বিক্রির নিয়ন্ত্রণ নিয়ে গত জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে স্থানীয় বিএনপির দু’টি পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জেরে গতকাল বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে কয়েক’শ লোক লাঠিসোটা নিয়ে বিভিন্ন শ্লোগানে হবিরবাড়ি ইউনিয়নের মাস্টারবাড়িতে অবস্থিত এসকিউ কারখানা এলাকায় মহড়া দেয় স্থানীয় সংসদ সদস্য ফখরুদ্দিন আহমেদ বাচ্চু গ্রুপের নেতৃবৃন্দ। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই সময় ঘটনাস্থল (কারখানা)’র সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে প্রশাসন। প্রত্যক্ষদর্শীরা জানান, ঝুট ব্যবসা নিয়ে স্থানীয় বিএনপির দুই পক্ষের মাঝে সৃষ্ট উত্তেজনায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং যেকোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছেন। এ ঘটনায় তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। এর আগেও এসকিউ ফ্যাক্টরীর ব্যবসা নিয়ে মুর্শেদ গ্রুপ ও বাচ্চু গ্রুপের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

এসকিউ কারখানার ঝুট ব্যবসার কার্যাদেশ দাবিদার উপজেলা বিএনপির সাবে ভারপ্রাপ্ত আহবায়ক মোহাম্মদ মুর্শেদ আলম জানান, এসকিউ কারখানা প্রতিষ্ঠার পর থেকেই গত ২২ বছর ধরে ঝুট ব্যবসার ওয়ার্কওয়ার্ডারে তিনি ব্যবসা করে আসছেন। গত জাতীয় সংসদ নির্বাচনে তিনি হেরে যাওয়ার পর থেকে সংসদ সদস্য ফখরুদ্দিন আহমেদ বাচ্চু ও তার কর্মীরা তার ওই ব্যবসার নিয়ন্ত্রন নিতে বিভিন্ন ধরণের হুমকী, ধমকী দিয়ে আসছে। বৃহস্পতিবার ওই কারখানার ঝুট (ওয়েস্টেজ) বের করতে গেলে সংসদ সদস্য ফখরুদ্দিন আহমেদ বাচ্চুর নির্দেশে তার লোকজন লাঠিশোঠা ও দেশীয় অস্ত্র-সস্ত্রে এসে বাঁধা দেন এবং দুপুরে হবিরবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খান বাসানের নেতৃত্বে লাঠিশোঠা নিয়ে এক বিশাল দল মিছিল বের করে। তাই বৃহষ্পতিবার তিনি এসকিউ কারখানা থেকে ঝুট বের করতে পারেননি বলে জানান। তবে স্থানীয় বিএনপি নেতা আমিনুল ইসলাম খান বাসান জানান, মিছিলটি আওয়ামী লীগের বিরুদ্ধে করা হয়েছে, তারা খবর পান, কিছু আওয়ামী লোক ও মামলার আসামী জড়ো হওয়ার চেষ্টা করছিলো। তাদের প্রতিহত করতে তারা স্থানীয় নেতাকর্মীদের নিয়ে মিছিল বের করে।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম বলেন, ঝুট ব্যবসা নিয়ে সৃষ্ট উত্তেজনার কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফিরোজ হোসেন জানান, একই বিষয় নিয়ে এর আগেও দুই পক্ষের মধ্যে বিরোধ হয়েছিল। কারখানা কর্তৃপক্ষের সঙ্গে প্রশাসনের কথা হয়েছে। তবে কারখানা থেকে মালামাল বের করা বা না করার সিদ্ধান্ত কোম্পানির নিজস্ব বিষয় বলে তিনি উল্লেখ করেন।

এদিকে এসব অভিযোগ অস্বীকার করে জাতীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহাম্মেদ বাচ্চু জানান, আমরা খবর পেয়েছি ফ্যাসিস্টরা একত্রিত হয়েছে। দলের বহিষ্কৃতরা ফ্যাসিস্টদের ইউনাইটেড করছে। ফ্যাসস্টিরা যাতে কোন ধরণের মিছিল, মিটিং করতে না পারে সেজন্যে হবিরবাড়ি ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সংগঠন তাদের বিরুদ্ধে মিছিল করে। এখানে ফ্যাক্টরী সংশ্লিষ্ট কোন বিষয় আমার জানা নোই।