ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের দরিল্যা গ্রামের মানসিক প্রতিবন্ধী ইদ্রিস মিয়ার মাথা গোঁজার স্থায়ী ঠিকানা নিশ্চিত করতে একটি নতুন ঘর নির্মাণ করে দিয়েছে ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশন।
ঘর হস্তান্তর অনুষ্ঠানে ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক মো. মিনহাজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
নতুন ঘরের চাবি হাতে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ইদ্রিস মিয়া। দীর্ঘদিনের অনিশ্চয়তা ও কষ্টের অবসান হওয়ায় তিনি কান্নায় ভেঙে পড়েন এবং ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক মো. মিনহাজ বলেন, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। এর আগে সংগঠনটির উদ্যোগে ৯টি ঘর নির্মাণ করে অসহায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি দুস্থ ও অসুস্থ মানুষের চিকিৎসা সহায়তা, শিক্ষার্থীদের লেখাপড়ায় সহযোগিতা এবং কর্মহীন মানুষের স্বাবলম্বী করতে অটোভ্যানসহ বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করা হয়েছে।
তিনি আরও বলেন, মানবিক এসব কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদেরও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানাই।
এ সময় স্থানীয় বাসিন্দারা ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের এ উদ্যোগের প্রশংসা করেন এবং সমাজের বিভিন্ন ব্যক্তি ও সংগঠনকে মানবিক কাজে আরও এগিয়ে আসার আহ্বান জানান।

