ময়মনসিংহের ভালুকায় একটি ভুয়া ফেসবুক আইডি খুলে স্থানীয় এক ব্যক্তির ছবি ব্যবহার করে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচারের অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী।
জানা যায়, উপজেলার মেদুয়ারী ইউনিয়নের কুচিলাতলা এলাকার বাসিন্দা ইয়াকুব আলী (৫৮) গত মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ভালুকা মডেল থানায় এ অভিযোগে একটি সাধারণ ডায়েরি করেন। যার নম্বর ১৫৫৫।
থানা সূত্রে জানা গেছে, গত ২১ সেপ্টেম্বর রাত আনুমানিক ১০টার দিকে নিজ বাড়িতে অবস্থানকালে ইয়াকুব আলী দেখতে পান, “মনের ভালবাসা” নামের একটি ভুয়া ফেসবুক আইডি থেকে তার ছবি ব্যবহার করে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য প্রচার করা হচ্ছে।
ভুক্তভোগী ইয়াকুব আলী অভিযোগ করে বলেন, উক্ত আইডি থেকে নিয়মিত পারিবারিক, সামাজিক ও রাজনৈতিকভাবে তাকে হেয় করার উদ্দেশ্যে আজেবাজে মন্তব্য ও পোস্ট দেওয়া হচ্ছে। এতে শুধু তিনি নন, পরিবারের অন্যান্য সদস্যরাও নিরাপত্তাহীনতায় ভুগছেন। যেকোনো সময় অজ্ঞাতনামা ব্যক্তি তার বা পরিবারের ক্ষতি করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।
তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) রাজনীতির সাথে যুক্ত। সম্প্রতি জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে স্থানীয় কিছু ব্যক্তি তাকে হেয় করার চেষ্টা করছে। তারা ভুয়া আইডির মাধ্যমে আওয়ামী লীগ নেতাদের সাথে তার ছবি ব্যবহার করে মিথ্যা প্রচার চালাচ্ছে। যা সম্পূর্ণ ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক। ভবিষ্যতের জন্য বিষয়টি রেকর্ডে রাখতেই থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ইয়াকুব আলী।